দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৩২টি শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮১৯ শিশু। এ সময় ৭৮৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৭৮২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ হাজার ৫২২ জন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।
আরো পড়ুন: