বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৮:৫৮

টানা ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে এ সময় জেলার ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।