রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১

রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১
ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৯:৩৯

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লাইল্যাঘোনা এলাকায় গরুকে ঘাস খাওয়াতে গেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লক্ষী বিলাস চাকমা (৪০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, 'সকালে ভারী বর্ষণে উপজেলার লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাস চাকমা নামে একজনের মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।'

এছাড়া, ভারী বর্ষণে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। 

টানা বর্ষণে পাহাড় ধসের আশংকা থাকায় বাঘাইছড়ি উপজেলা ছাড়াও জেলা শহর এবং অন্যান্য উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডে মোট ১১টিসহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড় ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।