ঢামেকের ৮০ বছর পূর্তিতে শনিবার ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ঢামেকের ৮০ বছর পূর্তিতে শনিবার ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১২:৪০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে চলছে ব্যাপক প্রস্তুতি। শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ আয়োজনকে এক মিলনমেলার সঙ্গে তুলনা করছেন।

তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামো, শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ আরও গতিশীল হবে। পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা করছেন।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজের অবদান অনন্য। প্রধানমন্ত্রীর এ সফর প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি ডিএমসিয়ানদের জন্য গর্ব ও আবেগের বিষয়। এটি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সাফল্যকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর সামনে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এমবিবিএসসহ চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।