শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেফতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৩:৫৬

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিষ্ঠানটির সাবেক গভর্নিং বডির সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালতে কারাগার থেকে রাশেদ খান মেননকে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের করা মামলায় অভিযোগ করা হয়েছে, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় রাশেদ খান মেননসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ বাধ্যতামূলক উল্লেখ থাকলেও, সনদবিহীন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।