পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানি শেষ, রায় ঘোষণা বৃহস্পতিবার

পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানি শেষ, রায় ঘোষণা বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৫:১২

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।

শুনানিতে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত বিষয়গুলো সংসদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান। এর আগে সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য আপিলকারীদের পক্ষে শুনানি শেষ হয়।

বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া আদালতে বলেন, পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল হওয়া উচিত। তবে সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রাখারও আবেদন জানান তিনি।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির আপিল বিভাগে বলেন, পঞ্চদশ সংশোধনীর যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল করা হোক। আর বাকি বিষয়গুলো সংসদের সিদ্ধান্তের জন্য রেখে দেওয়ার আবেদন জানান তিনি।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।

উল্লেখ্য, পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে আংশিক বাতিলের রায় দেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।

হাইকোর্টের ওই রায়ের পরও কয়েকটি বিষয়ে আইনগত জটিলতা থাকায় পৃথক তিনটি আপিল করা হয়। আপিলকারীদের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।