জলাবদ্ধতা রোধে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করার পরিকল্পনা

জলাবদ্ধতা রোধে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করার পরিকল্পনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৫:৩২

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ার পর স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জলাবদ্ধতা মোকাবিলায় চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেল প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে অতিবৃষ্টির সময় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সহজ হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারে করে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে যাওয়ার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।