তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৫:৪৭

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সাক্ষাতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যমে সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম ও তথ্য-যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুয়া তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও সুসংহত কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

জবাবে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা ও নতুন ফ্রেমওয়ার্ক তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ বিষয়ে নেদারল্যান্ডস সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।