দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।
একই সময়ে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৭ হাজার ৬২৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
আরো পড়ুন: