উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড় ধস, নিহত ৫ শিক্ষার্থী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড় ধস, নিহত ৫ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৬:৩৯

আপডেট: ৮ জুলাই, ২০২৬ ১৯:২৮

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল এখনো ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদ্রাসা (মক্তব)-এর ওপর এসে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি শিশু পাঠ গ্রহণ করছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

এ পর্যন্ত পাঁচজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকাজ চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধসের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।