কক্সবাজার-বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৭ জনের মৃত্যু

কক্সবাজার-বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১০:৪০

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজার ও বান্দরবানে পৃথক পাহাড়ধসের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক দম্পতি ও একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরের ওপর পাহাড়ধস হলে মাটিচাপা পড়ে একই পরিবারের দুই শিশু নিহত হয়। এ ঘটনায় তাদের মা আহত হয়েছেন এবং তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ভোরে পাহাড়ধসে বসতঘরটি চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫)। অপর ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়ধসের পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, লামার আজিজনগরে পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।