প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন করে আগামী রোববার (১২ জুলাই) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। পাশাপাশি কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়ায় ফল প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন কোনো জটিলতা না হলে আগামী ১২ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, ‘আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তারিখ নির্ধারণ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবে।’
এর আগে গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ চলছিল।
গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফল প্রকাশের কাজ প্রায় শেষ এবং সবকিছু ঠিক থাকলে ৯ জুলাই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরীক্ষা শেষ হওয়ার পর একাধিকবার সম্ভাব্য তারিখ ঘোষণা করেও ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, পরে ঈদের আগে ও পরে, এরপর জুন মাস এবং সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের কথা জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে ১২ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: