শিল্প, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে (প্রাইভেট সেক্টর) প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে সরকার। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড (টিকে গ্রুপ)-এর মধ্যে নরসিংদীতে ১৪ দশমিক ৮০ একর জমি লিজ প্রদানসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার সব ধরনের সক্ষমতা নিয়ে কাজ করছে, যাতে দ্রুত বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তার মতে, সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষেত্রে অদক্ষতা দেখা গেলেও বেসরকারি খাতের দৈনন্দিন ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা তুলনামূলক বেশি। তাই বেসরকারি খাতকে সহায়তা করলে বিনিয়োগ ও কর্মসংস্থান উভয়ই বাড়বে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সে উদ্দেশ্যে বিজেএমসির বন্ধ পাটকলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজের জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টি পাটকলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি লিজ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে। এর ফলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন এবং নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়রুজ্জামান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: