প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে নতুন উপজেলাগুলো গঠন করা হয়েছে। একই সঙ্গে এসব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপও অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়নের সমন্বয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী—এই ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন উপজেলাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেটআপ অনুমোদন করা হয়েছে। পরবর্তী সময়ে জনবল নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হবে।
আরো পড়ুন: