তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৩:৩৬

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।

রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই হবে। পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান বাংলাদেশের মানুষের জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল এবং গণতন্ত্রের পথে অন্তরায় ছিল।’

তিনি আরও বলেন, সংবিধানের ৭-ক ও ৭-খ অনুচ্ছেদ ‘ফ্যাসিবাদকে স্থায়ী করার কৌশল’ ছিল। আপিল বিভাগের রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকায় এ বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফল।

এ ছাড়া তিনি জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে। ওই কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেবে।