পাঁচ দিনে রাঙামাটিতে ৬০টি পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ মানুষ

পাঁচ দিনে রাঙামাটিতে ৬০টি পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ মানুষ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৪:৪০

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় অন্তত ৬০টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে মোট ৪ হাজার ১৬৬ জন আশ্রয় নিয়েছেন।

টানা বৃষ্টির কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের পাশাপাশি কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলার কাচালং কলেজ, উপজেলা পরিষদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়ও পানি প্রবেশ করেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ৬০টি পাহাড়ধসের ঘটনা ঘটলেও পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। বুধবার পর্যন্ত কাপ্তাই উপজেলার ১৮টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র তিনটিতে ১০৩ জন আশ্রয় নিয়েছেন। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কয়েকটি আশ্রয়কেন্দ্রেও।

বর্তমানে রাঙামাটিতে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তবে জেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার উন্নতি অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।