ডাকাতির প্রস্তুতিকালে আদাবরে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে আদাবরে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৫:৪০

রাজধানীর আদাবরে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে কথিত ‘কুত্তা ফারুক’সহ একটি ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে ‘হিটার’ (২২) এবং মো. নাহিদুল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, তারা ডাকাতি এবং পুলিশের সোর্সের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ভুক্তভোগী জড়ো হন। তারা এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা জানান।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মো. ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ দাবি করেন, তিনি মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে একটি ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় ‘কুত্তা ফারুক’ নামেই পরিচিত।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে।