ঢাকাকে বাসযোগ্য করতে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাকে বাসযোগ্য করতে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৬:২৩

রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক, তাই এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “খবরে বলা হচ্ছে, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে।”

তিনি বলেন, শিল্পকারখানা ও বিভিন্ন উৎস থেকে সৃষ্ট দূষণ পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাস্তুতন্ত্রের নিরাপদ বিকাশের সঙ্গে মানুষের জীবন ও ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। তাই বৃক্ষমেলাকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে এটিকে সামাজিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সন্তান জন্মগ্রহণ করলে তার নামে একটি গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তোলা যেতে পারে। বিদেশে এমন উদ্যোগের ইতিবাচক দৃষ্টান্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান জানান, গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ছাদ বাগান, নগর বনায়ন ও ইকো-ট্যুরিজমকে অর্থনীতির নতুন সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। এছাড়া Reduce, Reuse, Recycle (3R) নীতি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সব ধরনের গাছ সব জায়গায় উপযোগী নয়। তাই কোন মাটিতে কোন প্রজাতির গাছ রোপণ করা উচিত, সে বিষয়ে গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে দেশীয়, ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন করে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ সবচেয়ে বেশি প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি ক্যাটাগরিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন।