পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২০:১৮

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধসে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য পাইসুইখই মারমা।

তিনি বলেন, 'অতিবৃষ্টির ফলে গত রাতের যেকোনো সময় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।'

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, 'চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধসের কারণে বর্তমানে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসাবে দংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছে।'

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, 'সকালে উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ  স্বাভাবিক  রাখতে কাজ চলছে।'