জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত উন্মুক্ত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত উন্মুক্ত করা হবে: সংস্কৃতি মন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৭:৩৭

জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে খুব শিগগিরই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে।'

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিত ভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।'

তিনি আরও বলেন, 'দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।'

এ সময় নিতাই রায় চৌধুরী অভিযোগ করে বলেন, 'বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থাসহ বিভিন্নখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে ব্যাংক ও বীমাখাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।'

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।