বান্দরবান-রাঙ্গামাটি সড়কে সেতু ধসে যান চলাচল বন্ধ

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে সেতু ধসে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১২:৪০

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র স্রোতে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। মুহূর্তেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

সেতু ধসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার আহ্বান জানিয়েছে।