রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন—রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
দগ্ধদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকায় আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুই শ্রমিকের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট হার এখনই জানানো সম্ভব নয়।
তিনি আরও জানান, তিনজনই চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার কারণ এবং গ্যাস পাইপলাইনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরো পড়ুন: