প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৬:১৬

আপডেট: ১১ জুলাই, ২০২৬ ১৬:৫০

কয়েক দফা পিছিয়ে অবশেষে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল।

যেভাবে জানা যাবে প্রাথমিক বৃত্তির ফল

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবেন

অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে

এসএমএসে ফল দেখার নিয়ম

যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে

DPE <স্পেস> রোল নম্বর

এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ:

যদি রোল নম্বর 123456 হয়, তাহলে লিখতে হবে:

DPE 123456

এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

অনলাইনে ফল জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) পোর্টালে প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে লিখে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর সার্ভারে চাপ বেশি থাকলে কিছু সময় অপেক্ষা করে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।