দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, শনাক্ত ৮৪ জন

দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, শনাক্ত ৮৪ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৬:২১

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

এদিকে, গত একদিনে পরীক্ষায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।