ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ২১:২৩

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় পাঁচ জন নিহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭), ওবায়দুর (৪০) ও ডিমবাহী ট্রাকের চালক। চালক ও অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকচালক বাদে হতাহতরা সবাই সোয়াদী এবং এর আশপাশের এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাত জন।

পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন।