৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস

৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৭:০০

কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের ভারি বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রোববার বেলা ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকার বিদ্যালয়-কলেজ বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। ভারি বৃষ্টিতে তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না।

অতিভারি বৃষ্টিতে দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা। রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

পাউবো জানিয়েছে, সাঙ্গু নদী (বান্দরবান) ও দোহাজারী (চট্টগ্রাম), কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট), সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, আগামী দুই দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম; জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এ সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িক ভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।