চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৭:৩৪

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে এ দিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মধ্যে আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ বলেন, 'রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।'

তিনি বলেন, 'ষোলশহর-দোহাজারী সেকশনে রেল লাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ট্রেন চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'