নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। রোববার বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ছেড়ে আসা ডোমারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে মটকপুর নদীরপাড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলা ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এরপর ট্রাকটি সড়কের ধারে পড়ে যায়। এতে একই পরিবারের তিন জন ও মিথিলা ভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় আরও দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
Tag:
আরো পড়ুন: