গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১১:৩০

আপডেট: ১৩ জুলাই, ২০২৬ ১৫:৩৪

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

সফরসূচি অনুযায়ী, গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন। এই কর্মসূচিটি শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসূচিতে যুক্ত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি নিজ হাতে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয়ভাবে তোরণ, ব্যানার কিংবা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো আয়োজন করা হয়নি।

এদিকে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সার্বিক সমন্বয়সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক কর্মসূচির আয়োজন বিএনপির পক্ষ থেকে হলেও প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এ সফরের মাধ্যমে বরিশালের উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন দিকনির্দেশনা মিলবে।

সব কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।