পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৩:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনও কম। তাই আগামী পাঁচ বছরে পরিকল্পিতভাবে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। আগের তুলনায় এখন বেশি বৃষ্টি হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর, সবুজ ও বাসযোগ্য রাখতে সবাইকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, “নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে দেশ ঠিক করে দেবে না।”

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো— “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”

গৌরনদীর এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রায় ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও অংশগ্রহণ করেন।

এর আগে একদিনের সরকারি সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সরিকল খালের তীর, বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদী খালপাড়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।