আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অবকাঠামোগত ও অন্যান্য ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে পুনঃপরিদর্শনের আবেদন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনে পরিস্থিতি সন্তোষজনক হলে হাসপাতালটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি চিহ্নিত করে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটি ইতোমধ্যে সংস্কার করা হয়েছে বা সংস্কারের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
ভুক্তভোগী পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আর্থিক সহায়তা দিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে এবং মামলার বিষয়ে সিদ্ধান্ত আদালত ও প্রচলিত আইন অনুযায়ী হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনঃপরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুন: