নতুন উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়, তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। এ পথে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য শুরুটা সবসময়ই কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি, ধৈর্য ও পরিশ্রম থাকলে সফলতা অর্জন সম্ভব।
তিনি বলেন, “আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে। পথ দেখাতে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
বক্তব্যে নিজের কর্মজীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একসময় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও পরে রাজনীতিকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন।
তিনি বলেন, “রাজনীতিতে আসার পর আমাকে অনেক কঠিন সময় ও নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ধৈর্য ধরে সেই সময় পার করেছি। আজকের অবস্থানে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।”
তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, “আজ আপনাদের কাজ ও উদ্ভাবনী চিন্তা দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমি বিশ্বাস করি, আমরা যেখানে দায়িত্ব রেখে যাব, সেখান থেকে আপনারাই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”
তিনি আরও জানান, সম্প্রতি বিভিন্ন উদ্ভাবনী মেলা ও স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে তার আস্থা আরও দৃঢ় হয়েছে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং বিভিন্ন ডিজিটাল সেবা এক জায়গা থেকেই পাবেন।
এ সময় প্রধানমন্ত্রী স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন।
পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কাজ করা রাফিহা ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার আবেদনের পর তাৎক্ষণিকভাবে তাকে অনুদানের চেক প্রদান করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে সরকার ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এ তহবিল উদ্ভাবনী উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আরো পড়ুন: