হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৭:২৬

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২২ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৬৮ জন। অর্থাৎ একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯০ জনে।

একই সময়ে ৮৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে ৯০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

এ সময় মোট ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।