পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে ফুল মার্কস ঘোষণা শিক্ষামন্ত্রীর

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে ফুল মার্কস ঘোষণা শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৭:৪০

চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পরই পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ওই দুটি প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। প্রশ্ন প্রণয়নের কাজ এরও অনেক আগে সম্পন্ন হয়েছিল। আগের প্রশ্ন মডারেটররাই এই প্রশ্ন তৈরি করেছিলেন।”

সংসদে স্পিকারের উদ্দেশে তিনি আরও বলেন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের প্রক্রিয়া সাধারণত দুই বছর আগে থেকেই শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে প্রশ্ন তৈরি করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নে ভুল থাকলেও আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।”

সম্প্রতি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল এবং প্রশ্নের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ নম্বর দেওয়ার দাবি জানান।

সরকারের এ সিদ্ধান্তে ওই দুই প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থী সমানভাবে পূর্ণ নম্বর পাবেন।