রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আলু বাজার এলাকার 'আরমান হেয়ার কাটিং' সেলুনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মচারী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭) দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং রফিকের ১২ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, সেলুনকর্মী সামশেদের শরীরের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের মধ্যে সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন: