শিশুদের প্রতি বছর একটি গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

শিশুদের প্রতি বছর একটি গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১২:০৮

দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছ সম্পর্কে জানার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে। সেটা স্কুলে হোক কিংবা বাসার আশপাশে—যেখানে সম্ভব, একটি গাছ রোপণ করবে।"

তিনি আরও বলেন, "গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী উপকারে আসে—এসব বিষয়ে ইন্টারনেটে খুঁজে জানার চেষ্টা করবে। এতে প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে তোমাদের জ্ঞান বাড়বে।"

প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের জায়গা হবে। একইভাবে বাড়িতে লাগানো গাছ পরিবেশকে শীতল রাখবে এবং নির্মল বাতাস নিশ্চিত করবে।

দিনটিকে স্মরণীয় উল্লেখ করে তারেক রহমান বলেন, "আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অসংখ্য গাছ রোপণ করলাম। দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।"

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।