দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৫:২২

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে তারা সড়কে অবস্থান নেন।

দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা “দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ”, “তুমি কে, আমি কে—ফার্মের মুরগি” এবং **“কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী”**সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষার দাবি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি হলো—

দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা।

বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।