শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৬:২৫

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষকদেরই মানবিক সৈনিক তৈরির দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “শিশুদের মানুষ করার কারিগর আপনারা। তাই খেয়াল রাখতে হবে, কোনো শিশু যেন নির্দয় হয়ে বড় না হয়। মানুষ, প্রাণী কিংবা পশুপাখি—কারও প্রতিই যেন তারা নিষ্ঠুর আচরণ না করে। শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন।”

তিনি বলেন, “দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর সেই মানবিক সৈনিক গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”

সারাদেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষকদের কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে, যা সরকার পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা অর্জিত জ্ঞান আরও কার্যকরভাবে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “বর্ষাকালে একটি গাছ লাগাবে। গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। গাছই হবে তোমাদের বন্ধু।”

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বক্তব্য দেন।

এ সময় দেশজুড়ে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।