খেলা দেখে ফেরার পথে বাসের চাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

খেলা দেখে ফেরার পথে বাসের চাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১০:৫৯

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১১:০২

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ–এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত–এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।