পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮) এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭)। তিনি অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেয়। পথে আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজ শেখ ও মরদেহের সঙ্গে থাকা বুলু খাতুন নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও বাসে থাকা আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর মরদেহ নিয়ে সাঁথিয়ার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: