কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
এর আগে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে ১৪ জুলাই দুপুরে দোহায় যান স্পিকার।
সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা হস্তান্তর করেন।
এ সময় স্পিকার কাতারের আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সংক্ষিপ্ত সরকারি সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আরো পড়ুন: