চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী থানার পশ্চিমবঙ্গ বানু মেম্বার টেক পৌরসভা এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানায় থাকা কয়েকজন শ্রমিক দগ্ধ হন।
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।
তারা চট্টগ্রামের বোয়ালখালী, রাঙ্গুনিয়া, সদরঘাট, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী সময়ে জানা যাবে।
আরো পড়ুন: