গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৩:০৪

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব বীর শহীদের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।

তিনি বলেন, আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবপ্রজন্মের প্রতিও জাতি শ্রদ্ধাশীল। অনেকেই গুরুতর আহত হয়ে এখনও কষ্টকর জীবনযাপন করছেন। রাষ্ট্রপতি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব নাগরিকের অবদান স্মরণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাত এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে তরুণদের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি সৃষ্টি করে। পরবর্তী সময়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে গণঅভ্যুত্থান আরও বিস্তৃত হয়।

রাষ্ট্রপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফল।

রাষ্ট্রপতি বলেন, জুলাই শহীদদের আত্মদান মনে করিয়ে দেয়—রাষ্ট্রের শক্তির উৎস জনগণ। জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা জোগায়।

রাষ্ট্রপতি আরও বলেন, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেওয়া কর্মসূচির সফলতা কামনা করেন।