আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৫:১১

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৫:১২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সব সময় সক্রিয় থাকে। তারা বিভিন্ন ইস্যু ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলার নেই।

শিক্ষার্থীদের আন্দোলন সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না।

তিনি বলেন, ঢাকা ও কয়েকটি জেলায় সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। গণমাধ্যমে বিষয়টি আসায় এটি বেশি আলোচনায় এসেছে।

সড়ক অবরোধের কারণে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অতীতে দাবি আদায়ে সচিবালয়ে যাওয়া, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি প্রবণতা তৈরি হয়েছিল। কিছু ক্ষেত্রে এখনো সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার মান কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া এবং জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গঠনে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।

আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো অপতথ্য (ডিসইনফরমেশন)।

তিনি বলেন, প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”