৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেন

৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৫:৪৮

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৫:৫৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। ডিবির একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের একজন বীর সেনানায়ক। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তার জন্ম। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার প্রতিষ্ঠিত দল একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে।

১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রাম যান জিয়াউর রহমান। পরদিন ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হামলায় তিনি নিহত হন। পরে তার মরদেহ চট্টগ্রামের রাউজান উপজেলার একটি দুর্গম এলাকায় গোপনে দাফন করা হয়।

ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হয়। রাজধানীর শেরেবাংলা নগরে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন চত্বরে তাকে দাফন করা হয়।