জুলাইয়ের ৫৯ মামলার তদন্তে ডিবি, চার্জশিট হবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে

জুলাইয়ের ৫৯ মামলার তদন্তে ডিবি, চার্জশিট হবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৬:১৬

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ৫৯টি মামলার তদন্তে তথ্য-প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং প্রত্যেক আসামির ভূমিকা যাচাই করে কেবল প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে ডিবির অধীনে ৫৯টি মামলার তদন্ত চলছে। প্রতিটি মামলায় বিপুলসংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, সংশ্লিষ্টতা এবং ঘটনার সময়কার ভূমিকা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

শফিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলন-সংক্রান্ত প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। আইনের আওতায় থেকে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই ঘটনার একাধিক মামলা বা ভিন্ন উদ্দেশ্যে মামলা দায়েরের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসব মামলা অত্যন্ত সংবেদনশীল। ডিএমপি ও পুলিশ সদরদপ্তরের পৃথক মনিটরিং সেল নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। কেউ যদি অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন, তার সঙ্গে ডিবি একমত হবে না।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, অসংখ্য আসামির পরিচয় ও ভূমিকা যাচাই এবং বিভিন্ন ঘটনার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তদন্তকে জটিল করে তুলেছে।

তিনি বলেন, প্রতিটি মামলায় যেন সঠিক তথ্য উঠে আসে এবং প্রকৃত অপরাধীরাই বিচারের মুখোমুখি হন, সে লক্ষ্যেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।