চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৬:৫৮

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৯:৪৪

চেক ডিজঅনারের এক মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে একই মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।

অভিযোগে বলা হয়, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ব্যাংকের পাওনা পরিশোধে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় জমা দিলে একই দিন ‘Insufficient Fund’ (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে তা ফেরত দেওয়া হয়।

পরবর্তীতে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে চেকের অর্থ পরিশোধ করা হয়নি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করে।