কাশিমপুর কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত

কাশিমপুর কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১১:৩২

আপডেট: ১৮ জুলাই, ২০২৬ ১১:৩৩

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি নারী রিম্পা (২১) পালানোর ঘটনায় দুই মেট্রনসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।