২০ জুলাই নয়, চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসি’র ফল

২০ জুলাই নয়, চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসি’র ফল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৩:২৪

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। ফল প্রকাশের জন্য এখনো চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফল প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশের কথা জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এবার পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।