বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৬:২৮

পরিবেশ দূষণ কমাতে ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বায়ুদূষণ ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকার অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট (অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম) চালুর নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।